ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি

প্রকাশ: ১৮ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালুর দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন চা-শ্রমিকরা। প্রায় ৫২ দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ থাকায় লক্ষাধিক চা-শ্রমিক ও তাদের পরিবার চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে হাসপাতালটি দ্রুত চালুসহ চার দফা দাবিতে শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নেতারা।

রোববার দুপুরে কমলগঞ্জ ও আশপাশের বিভিন্ন চা-বাগান থেকে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চা-শ্রমিক সংঘের জেলা কমিটির সহ-সভাপতি মধু রজক, সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, সাংগঠনিক সম্পাদক লক্ষীমনি বাক্তি, চা-শ্রমিক নেতা সবুজ বাউরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। একই সঙ্গে হাসপাতালটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

চা-শ্রমিকদের অভিযোগ, দেশের অন্যতম বৃহৎ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ডানকান ব্রাদার্সের অধীন পরিচালিত ১৬টি চা-বাগানের শ্রমিক ও তাদের পরিবারের চিকিৎসার প্রধান ভরসা ছিল ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে গত ২৭ মার্চ থেকে হাসপাতালটির সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অন্তত লক্ষাধিক চা-শ্রমিক কার্যত চিকিৎসাবঞ্চিত হয়ে পড়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, চা-শ্রমিকরা বর্তমানে দৈনিক সর্বোচ্চ ১৮৭ টাকা ৪৩ পয়সা মজুরিতে জীবনযাপন করছেন। সীমিত এই আয়ে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক অধিকার থেকে তারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত। এমন বাস্তবতায় হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের দুর্ভোগ আরও বেড়েছে।

১৯৯৪ সালের ২৬ মার্চ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা-বাগানে ৫০ শয্যাবিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করা হয়। মূলত ডানকান ব্রাদার্সের অধীন মৌলভীবাজার জেলার ১২টি এবং হবিগঞ্জ জেলার ৪টি চা-বাগানের শ্রমিক ও তাদের পরিবারের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। আলীনগর, শমসেরনগর, চাতলাপুর, মাইজদি, লংলা, হিংগাজিয়া, পালাকান্দি, শিলুয়া, রাজকী, কমিরপুর, ইটা ও চাকলাপুঞ্জি চা-বাগান ছাড়াও হবিগঞ্জের আমু, নলুয়া, চানপুর ও লস্করপুর চা-বাগানের শ্রমিকরা এই হাসপাতালের ওপর নির্ভরশীল।

হাসপাতালের ওয়েবসাইট অনুযায়ী, এখানে মেডিসিন, অর্থোপেডিক্স, রেডিওলজি, প্রসূতিবিদ্যাসহ বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হতো। পাশাপাশি প্যাথলজি সুবিধা ও অপারেশন থিয়েটারও রয়েছে। বিশেষ করে চা-বাগান এলাকায় ক্যানসার রোগীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, এ পর্যন্ত ৬০৩ জন ক্যানসার রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৩৪০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

তবে গত মার্চ মাসে ঘটে যাওয়া এক ঘটনার পর থেকে পুরো পরিস্থিতি বদলে যায়। জানা গেছে, ২৬ মার্চ রাতে শমসেরনগর চা-বাগানের শ্রমিক বাবুল রবিদাসের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী মেয়ে ঐশী রবিদাস মাথাব্যথাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরদিন সকালে তার মৃত্যু হলে ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণ দেখিয়ে চিকিৎসাসেবা বন্ধ ঘোষণা করে। কিন্তু শ্রমিক নেতাদের অভিযোগ, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ শ্রমিকরা। তাদের দাবি, গত ৫২ দিনে চিকিৎসার অভাবে অন্তত ১০ জন চা-শ্রমিক মারা গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

চা-শ্রমিক সংঘের নেতারা জানান, হাসপাতাল চালুর দাবিতে তারা এর আগেও বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন। গত ১৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত দাবি জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

চার দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করা, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্টাফ নিয়োগ দেওয়া এবং হাসপাতালকে আধুনিকায়ন করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা। একই সঙ্গে অস্ত্রোপচারের পূর্ণাঙ্গ সুবিধা চালুরও দাবি জানিয়েছেন শ্রমিকরা।

এছাড়া শ্রমিক সন্তান ঐশী রবিদাসের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আনসার সদস্য মোতায়েনের দাবিও তোলা হয়েছে।

মৌলভীবাজার চৌমুহনা চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, চা-শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক লক্ষীমনি, সহ-সাধারণ সম্পাদক সুভাষ গৌড়, দপ্তর সম্পাদক রামনারায়ণ গৌড়, প্রচার সম্পাদক কাজল হাজরা, শ্রমিক নেতা সত্যনারায়ণ নাইড়, সবুজ বাউরী, নারী শ্রমিক নেত্রী নমিতা বর্মা, গীতা গোয়ালা ও শেফালী র‌্যালীসহ অনেকে।

বক্তারা বলেন, চা-শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো তারা ন্যূনতম মানবিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসাসেবা বন্ধ রেখে শ্রমিকদের জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে। তারা দ্রুত হাসপাতাল চালুর মাধ্যমে শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয়দের মতে, ক্যামেলিয়া হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং চা-বাগান এলাকার হাজারো মানুষের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল। তাই দীর্ঘদিন এটি বন্ধ থাকলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। এখন শ্রমিকদের একটাই প্রত্যাশা—সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে হাসপাতালটি পুনরায় চালু করবে এবং চা-জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

এই সপ্তাহের খবরাখবর

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিসিকের নতুন পরিকল্পনা

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিনা খরচে দেশে ফিরল সৌদি প্রবাসীর মরদেহ

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নতুন সাজে সাজছে জাফলং, বাড়ছে পর্যটন আকর্ষণ

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কুলাউড়ায় অবৈধ দখল-যানজটে কঠোর হচ্ছে প্রশাসন

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সুনামগঞ্জের হাওরে রহস্যময় গ্যাসের সন্ধান

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিসিকের নতুন পরিকল্পনা

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিনা খরচে দেশে ফিরল সৌদি প্রবাসীর মরদেহ

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নতুন সাজে সাজছে জাফলং, বাড়ছে পর্যটন আকর্ষণ

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কুলাউড়ায় অবৈধ দখল-যানজটে কঠোর হচ্ছে প্রশাসন

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সুনামগঞ্জের হাওরে রহস্যময় গ্যাসের সন্ধান

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

যাদুকাটায় সেতুর গার্ডার ধস, বাড়ল অনিশ্চয়তা

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বর্ডার ক্রস গরুতে দুশ্চিন্তায় সিলেটের খামারিরা

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেটে ৫৯ মামলায় অব্যাহতি পাচ্ছেন ২৮৪ আসামি

প্রকাশ: ১৯ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ