সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে মো. সোহেল রানা নামের এক আবাসন ব্যবসায়ীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে ব্যবসায়ী সোহেল রানা তার একটি প্রকল্পের কাজ পরিদর্শনে যাচ্ছিলেন। নয়াসড়ক পয়েন্টে পৌঁছামাত্র একদল সশস্ত্র ব্যক্তি তার পথরোধ করে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও স্টিলের পাইপ দিয়ে তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে গুরুতর জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন এবং প্রাথমিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক।
খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী সোহেল রানা নগরীর সুবিদবাজার এলাকায় একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার কার্যালয়ের সামনের এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব অবৈধ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সোহেল রানা সম্প্রতি পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করে। পুলিশি অভিযানের কারণে মাদক ব্যবসায়ীদের স্বার্থে বড় ধরনের আঘাত লাগে। এলাকাবাসীর ধারণা, ওই ক্ষোভের জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে সোহেল রানার ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে সংঘবদ্ধ ওই চক্রটি। প্রকাশ্য দিবালোকে এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ীদের মাঝেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিরও খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


