প্রকাশ: সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।
সিলেট প্রতিনিধি
সিলেটে সাংবাদিক সৈয়দ তাওহিদুজ্জামান জাকির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি এই হামলার নেতৃত্ব দিয়েছেন।
জানা যায়, গত ১৯ জুলাই (শুক্রবার) রাত আনুমানিক ৮টার দিকে একদল দুর্বৃত্ত সিলেট শহরের সাদিপুরে অবস্থিত জাকির ব্যবসাপ্রতিষ্ঠান ‘জাকি এন্টারপ্রাইজ’-এ অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের ম্যানেজারকেও মারধর করেন হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মতে, দুর্বৃত্তরা মূলত সাংবাদিক জাকিকে খুঁজছিলেন। ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে না পেয়ে পরবর্তীতে তারা তার বাসভবনেও তাণ্ডব চালান। সেখানেও ব্যাপক ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।
জাকির পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা জাকিকে খুঁজে পেলে জীবন্ত পুড়িয়ে হত্যার হুমকি দেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় পড়ে জাকির স্ত্রী ও সন্তানরা রাতেই বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরও বিভিন্ন মাধ্যমে তার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে পরিবার দাবি করেছে, যা তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
সৈয়দ তাওহিদুজ্জামান জাকি দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ও ফটোসাংবাদিক হিসেবে কর্মরত। তার দাবি, গণমাধ্যমে তার সম্পৃক্ততা ও পেশাগত কর্মকাণ্ডের কারণেই তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এবং সাংবাদিক জাকির পেশাগত অবস্থানের বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে, হামলায় জড়িতদের প্রকৃত রাজনৈতিক পরিচয় ও সম্পৃক্ততার বিষয়টি এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

