প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।
যুদ্ধের ভয়াবহতা শুধু যুদ্ধরত দেশগুলোর সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর অভিঘাত ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইল দূরের দেশেও। খাদ্য, জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হলে সবচেয়ে বেশি বিপদে পড়ে অর্থনৈতিকভাবে দুর্বল ও আমদানিনির্ভর দেশগুলো। এই অসম মানবিক ও অর্থনৈতিক ক্ষতির বিষয়টি তুলে ধরতে গিয়ে ১৯৪৩ সালের বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের উদাহরণ দিয়েছে ভারত।
ভারতের বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় সংঘটিত দুর্ভিক্ষ প্রমাণ করে, কোনো সংঘাতের জন্য সরাসরি দায়ী নয় এমন দেশের সাধারণ মানুষকেও যুদ্ধের সিদ্ধান্ত ও ভুল নীতির ভয়াবহ মূল্য দিতে হতে পারে। বৈশ্বিক দক্ষিণের উন্নয়নশীল দেশগুলো বর্তমান সময়েও বিভিন্ন সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটের সবচেয়ে বড় বোঝা বহন করছে। অথচ এসব সংঘাতের সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা বা দায় তুলনামূলকভাবে কম।
সোমবার (২৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বতানেনি হরিশ এসব কথা বলেন। ‘গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষা এবং বৈশ্বিক খাদ্য সরবরাহের জন্য কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা’ শীর্ষক বৈঠকে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাব, খাদ্যনিরাপত্তা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং উন্নয়নশীল দেশগুলোর ওপর সংঘাতের অসম প্রভাব নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।
ভারতের প্রতিনিধি বলেন, ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘাতের প্রভাব, যুদ্ধকালীন অগ্রাধিকার এবং খাদ্য সরবরাহের সংকট কীভাবে সাধারণ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, বাংলার দুর্ভিক্ষ তার নির্মম স্মারক। তাঁর বক্তব্যের মূল তাৎপর্য ছিল, যুদ্ধের সূচনা যারা করে, ক্ষতির বোঝা সব সময় শুধু তাদেরই বহন করতে হয় না; অনেক সময় নিরপরাধ সাধারণ মানুষকেই সবচেয়ে বড় মূল্য দিতে হয়।
তিনি বলেন, সংঘাতের মূল্য যে সমানভাবে ভাগ হয় না, ভারত দীর্ঘদিন ধরেই সেই বিষয়টি তুলে ধরে আসছে। বর্তমান বিশ্বে খাদ্য ও জ্বালানির সরবরাহব্যবস্থা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে কোনো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে যুদ্ধ শুরু হলে তার প্রভাব দ্রুত আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যেসব দেশের অর্থনীতি দুর্বল এবং খাদ্য ও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল, তাদের পক্ষে এই ধাক্কা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের প্রসঙ্গটি এ কারণেই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সংঘটিত এই দুর্ভিক্ষে অনাহার, অপুষ্টি ও রোগে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, বার্মা থেকে চাল আমদানি বন্ধ হয়ে যাওয়া, খাদ্য সরবরাহের সংকট, মূল্যবৃদ্ধি, মজুতদারি এবং প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতা পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে। যুদ্ধকালীন অর্থনৈতিক অগ্রাধিকার ও খাদ্য বণ্টনের সমস্যাও সংকটকে আরও গভীর করেছিল।
বাংলার এই ঐতিহাসিক বিপর্যয় তুলে ধরে ভারত মূলত বোঝাতে চেয়েছে, খাদ্যনিরাপত্তা কেবল কৃষি উৎপাদনের বিষয় নয়; এর সঙ্গে আন্তর্জাতিক শান্তি, নিরাপদ পরিবহনব্যবস্থা, বাণিজ্যিক নৌপথ এবং রাজনৈতিক স্থিতিশীলতার গভীর সম্পর্ক রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব তুলে ধরে হরিশ পার্বাথানেনি বলেন, সংঘাত পঞ্চম বছরে প্রবেশ করেছে। এর প্রভাব এখন আর শুধু যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। কৃষিকাজ ব্যাহত হচ্ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি খাদ্য, জ্বালানি, সার, পরিবহন ও কৃষিপণ্যের আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায়ও অস্থিরতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণের মানুষের কাছে শান্তি কোনো বিমূর্ত ধারণা নয়। ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছানো, পণ্যবাহী জাহাজের নিরাপদে বন্দরে পৌঁছানো এবং নাবিকদের সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসার মধ্যেই শান্তির বাস্তব অর্থ নিহিত।
বৈঠকে কৃষ্ণসাগরীয় অঞ্চলের খাদ্য উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বও তুলে ধরেন ভারতের প্রতিনিধি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ও কৃষ্ণসাগরীয় অঞ্চল সম্মিলিতভাবে বিশ্বের মোট শস্য উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশের জোগান দেয়। অন্যদিকে রাশিয়া ও ইউক্রিয়া একত্রে বিশ্ববাজারে গম, ভুট্টা ও বার্লির মোট রপ্তানির প্রায় এক-চতুর্থাংশ সরবরাহ করে।
এ কারণে কৃষ্ণসাগরীয় অঞ্চলে যুদ্ধের ফলে কৃষি উৎপাদন, বন্দর কার্যক্রম কিংবা নৌপথে বাণিজ্য ব্যাহত হলে তার প্রভাব বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে আফ্রিকা, এশিয়া ও অন্যান্য অঞ্চলের খাদ্য আমদানিনির্ভর দেশগুলো বেশি ঝুঁকিতে পড়ে। আন্তর্জাতিক বাজারে শস্যের সরবরাহ কমে গেলে খাদ্যের দাম বাড়ে, আমদানি ব্যয় বৃদ্ধি পায় এবং দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য কেনার সক্ষমতা কমে যায়।
ভারতের প্রতিনিধি আরও বলেন, খাদ্য ও জ্বালানির পাশাপাশি সারের সরবরাহেও সংকট তৈরি হচ্ছে। কৃষি উৎপাদন বজায় রাখতে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর দাম বেড়ে গেলে কৃষকদের উৎপাদন ব্যয় বাড়ে, অনেক ক্ষেত্রে তাঁরা প্রয়োজনীয় পরিমাণ সার ব্যবহার করতে পারেন না। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তায়। ফলে যুদ্ধের প্রভাব শুধু বর্তমান খাদ্য সরবরাহেই সীমাবদ্ধ থাকে না, ভবিষ্যতের উৎপাদনব্যবস্থাকেও ঝুঁকির মুখে ফেলে।
কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলার ঘটনাও নিরাপত্তা পরিষদের বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে ভারত। হরিশ পার্বাথানেনি জানান, এসব হামলায় ভারতীয় নাবিকদের প্রাণহানি ও নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে। গত ১৮ জুলাই এমভি ওমরফি নামের একটি জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হন।
তিনি আরও জানান, অক্টোবরে এমভি রয়াদ মামাদভ নামের একটি জাহাজে হামলার সময় তিনজন ভারতীয় নাগরিক সেখানে অবস্থান করছিলেন। এ ছাড়া এমভি গোল্ডেন লিও ও এমভি এজিএন র্যাগনার নামের আরও দুটি জাহাজে হামলার ঘটনায় চারজন ভারতীয় নাবিক নিহত এবং দুজন নিখোঁজ হন। এসব ঘটনা বাণিজ্যিক জাহাজে কর্মরত সাধারণ নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ভারতের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধার এবং খাদ্য ও জ্বালানিবাহী জাহাজের চলাচল নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও লাইবেরিয়ার যৌথ উদ্যোগের কথাও বৈঠকে তুলে ধরেন দেশটির প্রতিনিধি। তিনি জানান, জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশনের সময় ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অব শিপিং অ্যান্ড সিফেয়ারার্স’ নামে একটি উদ্যোগ চালু করা হয়েছে। আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কার্যক্রমকে সহায়তা এবং বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।
বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লোও কৃষ্ণসাগরে ড্রোন হামলা ও বেসামরিক নৌচলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, এসব হামলার প্রভাব সংঘাতের অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়ছে এবং আন্তর্জাতিক খাদ্য রপ্তানি ও সরবরাহব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পক্ষ থেকেও খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়। রাশিয়া ও ইউক্রেনের শস্য রপ্তানি বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে খাদ্যের প্রাপ্যতা কমে যাওয়ার পাশাপাশি দরিদ্র দেশগুলোর খাদ্যসংকট আরও তীব্র হতে পারে। বিশেষ করে সোমালিয়ার মতো দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা দেশ এবং ইয়েমেনের মতো খাদ্য আমদানিনির্ভর রাষ্ট্রগুলোর পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতের প্রতিনিধি জানান, আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দেশ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। আফগানিস্তানে গম, সুদানে চাল এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কৃষ্ণসাগরে নিরাপদ নৌচলাচল এবং শস্য রপ্তানির পথ সচল রাখতে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রাখার কথা জানান।
ভারতের এই বক্তব্যের রাজনৈতিক ও মানবিক তাৎপর্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এখন বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে অনুভূত হচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা, সারের সংকট এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চাপ বাড়ছে। এর প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, খাদ্য কেনার সক্ষমতা এবং সামগ্রিক জীবনমানের ওপর।
বিশেষ করে বাংলাদেশসহ যেসব দেশ আন্তর্জাতিক বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্য, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানি করে, তাদের জন্য আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের কারণে গম, ভুট্টা, সার কিংবা জ্বালানির দাম বেড়ে গেলে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। এর প্রভাব পড়ে পরিবহন, উৎপাদন, খাদ্যপণ্য এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে। ফলে সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও সাধারণ মানুষকে বাড়তি অর্থনৈতিক চাপ বহন করতে হয়।
সব মিলিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের উদাহরণ তুলে ধরে ভারত বর্তমান বিশ্বব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে। যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে রাজনৈতিক ও সামরিক শক্তিধর পক্ষগুলো, কিন্তু তার মানবিক ও অর্থনৈতিক মূল্য অনেক সময় বহন করতে হয় নিরপরাধ মানুষকে। ইতিহাসের সেই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে শিক্ষা নিয়ে বর্তমান সংঘাতগুলোতে খাদ্য সরবরাহ, বেসামরিক অবকাঠামো ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
ভারতের বক্তব্যের মূল আহ্বান, সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যপথ নিরাপদ রাখতে হবে। কারণ, একটি জাহাজের চলাচল বন্ধ হওয়া কিংবা একটি গুরুত্বপূর্ণ খাদ্য রপ্তানি করিডর অচল হয়ে পড়ার অর্থ শুধু বাণিজ্যিক ক্ষতি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে লাখো মানুষের খাবার, জীবিকা ও বেঁচে থাকার নিশ্চয়তা।


