বাসিয়া নদীতে সেতুর অপেক্ষায় আট গ্রামের মানুষ

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর ওপর একটি পাকা সেতুর দাবিতে বছরের পর বছর অপেক্ষা করছেন দুই ইউনিয়নের হাজারো মানুষ। নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের আশ্বাস, প্রতিশ্রুতি আর নানা পরিকল্পনার কথা শুনলেও বাস্তবে আজও সেখানে গড়ে ওঠেনি কোনো স্থায়ী সেতু। ফলে জীবন-জীবিকার প্রয়োজনে এলাকাবাসীকে প্রতিদিনই ভরসা করতে হচ্ছে একটি নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর। ঝুঁকিপূর্ণ সেই সাঁকো দিয়েই কৃষক, শিক্ষার্থী, নারী, শিশু ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। তবুও মানুষের আশা ফুরিয়ে যায়নি। তাদের বিশ্বাস, একদিন না একদিন বাসিয়া নদীর ওপর নির্মিত হবে একটি পাকা সেতু, বদলে যাবে পুরো এলাকার জীবনচিত্র।

বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের রজকপুর গ্রাম এবং অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের মধ্যবর্তী স্থানে বাসিয়া নদীর ওপর নির্মিত হয়েছে প্রায় একশ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও অর্থায়নে তৈরি এই সাঁকোই বর্তমানে দুই ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগমাধ্যম। বর্ষাকালে সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ে, বাঁশ ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে। তারপরও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই প্রতিদিন মানুষকে এটি ব্যবহার করতে হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি, শিমুলতলা, নোয়াগাঁও ও টেংরা গ্রামের পাশাপাশি বিশ্বনাথ ইউনিয়নের রজকপুর, নতুন সিরাজপুর, পুরান সিরাজপুর ও শাহজিরগাঁও গ্রামের মানুষ সরাসরি এই সাঁকোর ওপর নির্ভরশীল। বিশেষ করে কৃষিকাজ ও শিক্ষার জন্য সাঁকোটির গুরুত্ব অপরিসীম। বাসিয়া নদীর দুই পাড়ে এসব গ্রামের মানুষের কৃষিজমি ছড়িয়ে রয়েছে। ফলে কৃষকদের প্রায় প্রতিদিনই নদী পার হয়ে জমিতে যেতে হয়। একইভাবে শিক্ষার্থীদেরও বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় যেতে এই সাঁকো ব্যবহার করতে হয়।

এলাকার কৃষক সফিক মিয়া বলেন, নদীর দক্ষিণ পাড়ে তাদের বসতি হলেও অধিকাংশ কৃষিজমি রয়েছে উত্তর পাড়ে। আবার উত্তর পাড়ের অনেক পরিবারের জমি রয়েছে দক্ষিণ পাশে। তাই চাষাবাদ করতে হলে প্রতিদিনই সাঁকো পার হতে হয়। তিনি বলেন, একটি পাকা সেতু হলে কৃষকরা সহজে কৃষিযন্ত্র ও উৎপাদিত ফসল পরিবহন করতে পারতেন। বর্তমানে ভারী কোনো মালামাল নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে সময় ও অর্থ দুটোই বেশি খরচ হচ্ছে।

শুধু কৃষকই নন, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে তাদের। স্থানীয় একাধিক অভিভাবক জানান, বর্ষাকালে সন্তানদের নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে থাকতে হয়। সাঁকো ভেজা ও পিচ্ছিল থাকায় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। অনেক ছোট শিক্ষার্থী ভয় পেয়েও সাঁকো পার হয়। স্কুল শিক্ষার্থী শিমুল আহমদ বলেন, একটি পাকা সেতু নির্মাণ হলে শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে। এতে শিক্ষা কার্যক্রমও আরও গতিশীল হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময় সবচেয়ে বড় সংকট তৈরি হয়। কোনো জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটি রিকশাও সাঁকো পার হতে পারে না। ফলে রোগীকে কাঁধে বা অস্থায়ী ব্যবস্থায় বহন করতে হয়। অনেক সময় চিকিৎসা নিতে দেরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এলাকাবাসীর মতে, একটি সেতু শুধু যোগাযোগ সহজ করবে না, মানুষের জীবন রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এলাকায় এসে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে আর কেউ খোঁজ নেন না। বছরের পর বছর ধরে একই প্রতিশ্রুতি শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তারপরও তারা আশাবাদী। কারণ এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, বরং দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও বঞ্চনার প্রতীক হয়ে উঠেছে।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামীম আহমদ বলেন, আগে মানুষ নৌকায় নদী পার হতো। কিন্তু নিয়মিত নৌকা পাওয়া যেত না বলে এলাকাবাসী নিজেরাই অর্থ সংগ্রহ করে বাঁশের সাঁকো নির্মাণ করেন। তিনি বলেন, বর্তমানে এই সাঁকো দিয়ে কোনোভাবে মানুষ চলাচল করলেও ভারী মালামাল বহন করা সম্ভব হয় না। কৃষি উন্নয়ন ও শিক্ষার স্বার্থে এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ প্রয়োজন।

বর্তমান জনপ্রতিনিধিরাও সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, দুই ইউনিয়নের মানুষের সহজ যোগাযোগের জন্য এখানে একটি পাকা সেতু অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে তিনি নিজেও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেতুর দাবিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেতু নির্মিত হলে কৃষি, শিক্ষা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন, একটি পাকা সেতু হলে দুই পাড়ের কৃষকরা সহজে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করতে পারবেন। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। তার মতে, সেতুটি নির্মাণ হলে পুরো এলাকার জীবনযাত্রার মান বদলে যাবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশ্বনাথের এই আটটি গ্রামের মানুষের জীবনযাত্রা আজও পিছিয়ে থাকার অন্যতম কারণ দুর্বল যোগাযোগব্যবস্থা। একটি ছোট সেতুর অভাবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনীতি প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে। অথচ সামান্য সরকারি উদ্যোগ নিলেই মানুষের বহু বছরের দুর্ভোগের অবসান ঘটতে পারে।

বাসিয়া নদীর ওপর একটি পাকা সেতু এখন শুধু উন্নয়ন প্রকল্পের দাবি নয়, এটি হয়ে উঠেছে মানুষের মৌলিক প্রয়োজন। প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পার হওয়া মানুষগুলো এখন বাস্তব সমাধান দেখতে চায়। তারা আর নতুন প্রতিশ্রুতি নয়, দেখতে চায় বাস্তব কাজের অগ্রগতি। দুই ইউনিয়নের হাজারো মানুষের স্বপ্ন এখন একটাই—নড়বড়ে বাঁশের সাঁকোর বদলে নিরাপদ একটি পাকা সেতু।

এই সপ্তাহের খবরাখবর

হবিগঞ্জে ডিজেল বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীর জরিমানা

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

এসপিকে ঘুষ দিতে গিয়ে কুলাউড়ায় আটক ২

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মৌলভীবাজারে বৃষ্টিতে ডুবছে ৮৯৭ হেক্টর ফসল বোরো ধান

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শাল্লায় বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত হাওর ও জনজীবন, বিদ্যুৎ ও নেটওয়ার্ক বন্ধ

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শান্তিগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান কিনবে সরকার

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

হবিগঞ্জে ডিজেল বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীর জরিমানা

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

এসপিকে ঘুষ দিতে গিয়ে কুলাউড়ায় আটক ২

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মৌলভীবাজারে বৃষ্টিতে ডুবছে ৮৯৭ হেক্টর ফসল বোরো ধান

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শান্তিগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান কিনবে সরকার

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দিরাইয়ে আগুনে ছাই ৬ দোকান, নিঃস্ব ব্যবসায়ীরা

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

তাহিরপুরে শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শমশেরনগর বিমানবন্দর ঘিরে নতুন স্বপ্ন

প্রকাশ: ০১ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ